সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Published: October 9, 2026, 9:07 am

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু সরকার বগুড়ার শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের তেলিজানা এলাকায় তার শ্বশুর নূরনবীর বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়ির নারিকেল গাছটি পরিষ্কার করতে পাপ্পু গাছে ওঠেন। গাছ পরিষ্কারের একপর্যায়ে অসাবধানতাবশত কাছে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার মরদেহ গাছটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় আটকে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজার রহমান জানান, খবর পেয়ে তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিশেষ কৌশলে নারিকেল গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh