তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবন ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনই শিশু। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধারকাজ সম্পন্ন হয়। উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের আশেপাশের এলাকায় বসবাসকারী ৫৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান জানান, ১৯৮৭ সালে ভবনটি নির্মিত হয়েছিল। সে সময়কার নির্মাণবিধি অনুসরণ করে ভবনের বেসমেন্ট, নিচতলা, প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হলেও পরবর্তীতে এর ওপর আরও তলা যোগ করা হয়। ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় অবস্থিত একটি দোকানের ব্যবস্থাপক জানিয়েছেন, গত এপ্রিল মাস থেকেই ভবনটির কাঠামোয় ফাটল দেখা দিয়েছিল।





