বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চার কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই বদলি সংক্রান্ত আদেশ জারি করা হলেও বিকেলে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকালে প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুমের স্বাক্ষরিত আদেশে বেশ কিছু রদবদল আনা হয়েছিল। সেই আদেশে এয়ার কমডোর মো. মঞ্জুর-ই-আলমকে প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক থেকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া মো. রাশেদুল করিমকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের মূল দায়িত্বের পাশাপাশি কার্গো বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
একই আদেশে পরিচালক এম. মাসুদুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগে বদলি করা হয়েছিল। অন্যদিকে, এ আর এম কায়সার জামানকে প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) পদের পাশাপাশি পরিচালক (প্রকৌশল এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা থাকলেও বিকেলে প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের সহকারী ব্যবস্থাপক (পার্সোনেল) কাজী রাজীব হোসেনের স্বাক্ষরিত পৃথক এক আদেশে আগের সব সিদ্ধান্ত স্থগিত করা হয়।





