ফেনীতে দেশের প্রথম সরকারি রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

Published: October 1, 2026, 2:52 pm

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সরকারি ভবনে স্থাপিত দেশের প্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্পে তিন উপজেলায় মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থার আওতায় উৎপাদিত এই বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণ করবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

প্রকল্পের আওতায় ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনের ছাদসহ মোট ১২টি স্থাপনায় সোলার প্যানেল বসানো হয়েছে, যার সক্ষমতা ৪১৫ কিলোওয়াট। এছাড়া পরশুরাম উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, তিনটি ইউনিয়ন পরিষদ ভবন ও জেলা পরিষদ ডাকবাংলোসহ মোট ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট সক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। যদিও প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি, তবে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন যে, তিন উপজেলায় এই প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।

ফেনী সফরের অংশ হিসেবে এর আগে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটার দিকে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin