সেপ্টেম্বরে বৈধ পথে এলো ৩৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স

Published: October 1, 2026, 5:01 pm

দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩৪ হাজার কোটি টাকারও বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় ৩ শতাংশ বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে গতি লক্ষ্য করা গেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৬ কোটি ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।

উল্লেখ্য যে, বিগত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। এর আগের অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh