চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড আন্তর্জাতিক মানের অপারেটর দিয়ে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ১৫ বছর মেয়াদে এই টার্মিনাল পরিচালনার জন্য চুক্তির খসড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
টার্মিনালটি বিদেশিদের হাতে ন্যস্ত করার বিষয়টি নিয়ে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিনের বিরোধিতা ও আন্দোলন চলমান রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের আগ্রহের পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে সরকার আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যেই এই পিপিপি প্রকল্প এগিয়ে নিচ্ছে।
একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ গড়ে তোলার লক্ষ্যে এক লাখ মেট্রিক টন সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এই সার আমদানি করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে সার সরবরাহে বিঘ্ন এবং দেশের অভ্যন্তরীণ সার কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে সরকার এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।
আমদানি প্রক্রিয়ায় সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হবে। এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের জেএসসি ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি এবং রাশিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএসসি শচেকিনোআজটের কাছ থেকে এই সার কেনা হবে। ঢাকার আবেদিতা ট্রেডিং ডেল্টা স্টার ট্রেডিংয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করবে। বিসিআইসির বিদ্যমান সরকারি চুক্তির মূল্য নির্ধারণ সূত্র অনুসরণ করেই এই সার কেনা হবে বলে বৈঠকে জানানো হয়।





