বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

Published: September 29, 2026, 3:51 am

শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে আয়োজিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে কমিটি সুপারিশ করেছে যে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যেন অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সুপারিশ করেছে কমিটি।

সংসদীয় কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আবদুল হান্নান এবং রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin