চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

Published: September 29, 2026, 3:41 am

মিয়ানমার উপকূলের কাছে অবস্থানরত একটি গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে কোনো সতর্কসংকেত দেওয়া হয়নি।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। এই গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরে বিচরণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে রাজধানীর আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিনের বেলায় ঢাকায় বৃষ্টির সম্ভাবনা বেশ কম, তবে রাতে সামান্য বৃষ্টি হতে পারে। আগামীকালও বড় ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত বৃহস্পতিবার থেকে রাজধানীতে বৃষ্টিপাত শুরু হতে পারে।

গত তিন দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তাপপ্রবাহ ধরা হলেও, ঢাকায় তা মাত্র এক দিন স্থায়ী হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি। চলতি মাসে ইতিমধ্যে তিন দফায় তাপপ্রবাহ বয়ে গেছে। আজ ও আগামীকালও এই গরমের অনুভূতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo