মেসির অবসরের পর ১০ নম্বর জার্সি নিয়ে যা জানালেন স্কালোনি

Published: September 30, 2026, 5:29 am

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার কিংবদন্তি ১০ নম্বর জার্সিটির ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। তবে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই ঐতিহাসিক জার্সিটি এখনো কাউকে দেওয়া হয়নি এবং আপাতত এটি কাউকে দেওয়ার কোনো পরিকল্পনাও তাদের নেই।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মেসির জাতীয় দলের সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচগুলোর আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। পরে অবশ্য কেউ না কেউ পরবে, কারণ এই জার্সি পরার বিষয়টা বিশেষ। কিন্তু কে পরবে, সেটা এখনো ঠিক করিনি।"

মেসির শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জের বিষয়ে স্কালোনি জানান, দল এখন ভিন্ন কৌশল নিয়ে খেলার পথ খুঁজছে। তিনি বলেন, "আমরা ভিন্নভাবে খেলার পথ খুঁজে নেব। এই ম্যাচগুলো পরীক্ষার জন্যই। মূল ধরন থাকবে বল নিয়ন্ত্রণ করা। পরিস্থিতি অনুযায়ী কীভাবে মানিয়ে নিই, সেটাই দেখার বিষয়।"

এদিকে কোচ হিসেবে স্কালোনির চুক্তি নবায়নের সম্ভাবনাও তৈরি হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে। নিজের অবস্থান পরিষ্কার করে স্কালোনি বলেন, "আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব; এ ব্যাপারে আমি নিশ্চিত। এ কারণেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। নতুন প্রতিভা উঠে আসছে, তাদের মধ্যে জাতীয় দলে খেলার ক্ষুধাও আছে। এই আন্তর্জাতিক উইন্ডোতে একজন খেলোয়াড়ও ডাক প্রত্যাখ্যান করেনি, যা দারুণ লক্ষণ। আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব এবং উচ্চ পর্যায়ে পারফর্ম করব, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।"

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh