২০২৭ ওয়ানডে বিশ্বকাপই শেষ, ট্রফি জিতে বিদায় নিতে চান কোহলি

Published: September 26, 2026, 4:41 pm

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের জার্সি গায়ে বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টে খেলাই এখন এই তারকা ব্যাটারের ক্যারিয়ারের সবচেয়ে বড় চালিকাশক্তি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যম জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি নিজের এই ভাবনার কথা জানান। তিনি বলেন, "আমার জন্য এটাই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেটিই আমার প্রেরণা। সবকিছু উজাড় করে দিতে চাই। অবশ্যই লক্ষ্য বিশ্বকাপ জেতা। এর জন্য যা যা করা দরকার, আমি সবকিছুর জন্য প্রস্তুত।" ২০২৭ সালের টুর্নামেন্টটি হবে কোহলির ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বজয়ের স্বাদ পেলেও, ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের হৃদয়ভাঙা বেদনাও সঙ্গী হয়েছে তাঁর। ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ১৪ হাজার ৯৪১ রান করা কোহলির উপরে কেবল আছেন আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার (১৮,৪২৬ রান)।

৫০ ওভারের ক্রিকেটের তীব্রতা ও চাপ নিয়ে কোহলি আরও বলেন, "৫০ ওভারের বিশ্বকাপের উত্তেজনা অন্য সবকিছুর চেয়ে বেশি। এখন ১০টি ম্যাচ খেলতে হয় টি-টোয়েন্টির মতো উত্তেজনা নিয়ে। এক দিনে আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মতো ব্যাপার। এত বড় টুর্নামেন্টে ১০টি ম্যাচে সেই তীব্রতা ধরে রাখা বড় ব্যাপার। তার ওপর এবার খেলতে হবে বিদেশের কন্ডিশনে। এটা অনেক কিছু কেড়ে নেয়।"

কোহলির মতো ২০২৭ বিশ্বকাপে খেলার ইচ্ছা রয়েছে বর্তমান ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মারও। ক্রিকেট থেকে তাঁর কাজ ফুরিয়ে গেছে—এমন কোনো চিন্তা মাথায় আনতে রাজি নন রোহিত। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারতীয় অধিনায়ক জানান, "এই ভাবনা কখনোই মাথায় আসবে না যে আমার কাজ শেষ। যত দিন খেলছি, তত দিন সামনে কিছু না কিছু পাওয়ার আছে। আর আমি বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।"

এদিকে সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন, আগামী বিশ্বকাপে কোহলি ও রোহিত জুটিকে একসঙ্গে পাওয়া গেলে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। রেডিফ ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না বলেন, "আমাদের ঘরে একজন রান মেশিন আছে এবং এমন একজন দুর্দান্ত অধিনায়ক আছে, যে আইপিএল ও দেশের হয়ে অনেক ট্রফি জিতেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমি তাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। এবার বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে। আমার মনে হয়, দুজনই দলে থাকলে ভারতের বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সুযোগ থাকবে।"

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin