ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

Published: September 25, 2026, 12:18 pm

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই মালয়েশিয়া গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে, বিপরীতে বাংলাদেশ শুরু থেকেই ছন্নছাড়া ছিল। ম্যাচের চতুর্থ মিনিটে মালয়েশিয়ার এক ফুটবলার কর্নার থেকে গোলবার বরাবর শট নিলে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কোনোমতে টোকা দিয়ে বলটি বাইরে পাঠিয়ে দেন। এরপরও মালয়েশিয়ার একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশের রক্ষণভাগকে।

ম্যাচের ১৮তম মিনিটে মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত আরিফ আইয়ান গোলরক্ষককে পরাস্ত করে মালয়েশিয়াকে লিড এনে দেন। এরপর ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে বাংলাদেশ আরও একটি গোল হজম করে, যার স্কোরার ছিলেন আরিফ আইয়ান।

দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা আক্রমণের চেষ্টা চালালেও তা সফল হয়নি। উল্টো ম্যাচের ৫২তম মিনিটে মালয়েশিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিলে জন্ম নেওয়া ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। ডান প্রান্ত থেকে আসা বল বাম পায়ে রিসিভ করে তিনি ডান পায়ে শট নেন, যার গতি খুব বেশি না থাকলেও গোলরক্ষক শ্রাবণ তা রুখতে পারেননি।

ম্যাচের ৭৬তম মিনিটে বাংলাদেশ গোলের একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল। সতীর্থের বাড়ানো বলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষক থাকলেও হামজার নেওয়া শট তিনি রুখে দেন। দ্বিতীয়বার শট নিলেও মালয়েশিয়ার গোলরক্ষক তা কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy