জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগের ২৬০ নেতাকর্মী আটক

Published: September 26, 2026, 5:30 pm

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৫। আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৪। রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) প্রধান কার্যালয়ে গোপন বৈঠক চলাকালীন আওয়ামী লীগের ২৬০ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়টি থেকে ‘জয় বাংলা’ স্লোগান ভেসে আসার পর স্থানীয় ব্যবসায়ী ও হকাররা ভবনটি ঘেরাও করেন। খবর পাওয়ার পর পুলিশ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করে পল্টন ও শাহবাগ থানায় নিয়ে যায়।

গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সরেজিমন ওই এলাকায় গিয়ে দেখা যায়, ডানপাশের পুরো সড়ক বন্ধ করে ভেতরে অভিযান চালাচ্ছে পুলিশ। গাড়িগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সামনে লোকজনের জটলা। অভিযানের সময় বিএনপি নেতাকর্মীদের সেখানে স্লোগান দিতে দেখা যায়। জাসদ অফিসের পাশেই রয়েছে বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, সকাল ১০টার দিকে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ের ৩৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় কর্নেল তাহের মিলনায়তনে জাসদের কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখানে প্রবেশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে সভা শুরু হলে স্থানীয়রা ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পান। পরে তারা কার্যালয়ের ভেতরে চার শতাধিক মানুষকে দেখতে পান। একপর্যায়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটলে বিক্ষুব্ধ লোকজন কলাপসিবল গেট বন্ধ করে পুলিশকে খবর দেন।

অভিযানের সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করা হয়। জাসদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হলেও তিনি দাবি করেন, পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন। এ ছাড়া অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা পল্টন থানায় জায়গা সংকুলান না হওয়ায় অনেককে শাহবাগ থানায় স্থানান্তর করেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. আকতার হোসেন জানান, গোপন বৈঠকের সংবাদের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। পল্টন থানার ওসি আরিফুর ইসলাম জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন দাবি করেছেন, শনিবার সকালে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল। সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতাকর্মী প্রতিনিধি সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় তাদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বিএনপির নেতাকর্মীরা এসে তাদের নেতাকর্মীদের মারধর করেন। সেখানে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাসদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা প্রথমে এসে তাদের নেতাকর্মীদের মারধর করেন এবং পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

ঘটনার পর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও শাহবাগ থানা যুবদলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন অভিযোগ করেন যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এনে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, আটকদের পরিচয় ও তাদের ট্র্যাক রেকর্ড যাচাই-বাছাইয়ের জন্য দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৩০ জুন বিগত আওয়ামী লীগ স্বৈরাচারের অন্যতম দোসর হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এ মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়। তিনটি অভিযোগেই তাকে ১০ বছর করে সাজা দেওয়া হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh