মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া সরকারের ব্যর্থতার প্রমাণ: নাহিদ ইসলাম

Published: September 26, 2026, 4:17 pm

রাজধানীর মিরপুরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র 'রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার' গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির একটি ভয়াবহ নিদর্শন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পরে এনসিপির পক্ষ থেকে এই বার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়।

নাহিদ ইসলাম বলেন, খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি আরও বলেন, রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা গোটা জাতির জন্য লজ্জার বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে নাহিদ ইসলাম জানান, এই ভাঙচুর ও দখলদারির পেছনে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে। তিনি দাবি করেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি ও হাত-পা বেঁধে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করে। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড' নামের একটি সংগঠনের ব্যানারে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানিয়েছেন, এই ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি গত ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo