প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২১। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে কেন্দ্র করে আয়োজিত হলো বর্ণাঢ্য উৎসব ‘ইলিশ ফেস্ট’। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শনিবার দুপুরে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উৎসবের মূল আকর্ষণ হিসেবে বিশিষ্ট ভারতীয় নাগরিকগণ ঢাকা থেকে প্রকাশিত “A Fish called Ilish” শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন। বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং খাদ্য রসনার অবিচ্ছেদ্য অংশ ইলিশকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব অতিথিদের মাঝে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তার একটি অনন্য আবহ তৈরি করে। অনুষ্ঠানে ইলিশের বিভিন্ন পদের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর বৈচিত্র্য প্রদর্শন করা হয়। অতিথিরা ইলিশের স্বাদের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির আবেগ ও সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করেন।
আয়োজনে অংশগ্রহণকারী অতিথিরা বাংলাদেশের আতিথেয়তা ও ইলিশের স্বাদের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বইয়ের মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ইলিশ বাংলাদেশের সমাজ ও অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি জানান, বাংলাদেশে ইলিশের পাঁচটি অভয়ারণ্য রয়েছে। প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে ইলিশের সংরক্ষণ ও উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





