রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে মিছিলটি বের হয়। এরপর আইএসটি কলেজের পাশ দিয়ে অগ্রসর হয়ে ২৭ নম্বরে বাটা শো-রুমের সামনে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল চলাকালে মীনা বাজারের সামনে পরপর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকদের কাছ থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল করে এবং এ সময় পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি আরও বলেন, ঘটনাটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। বিস্তারিত তথ্য জানতে পুলিশ কাজ করছে।





