মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

Published: September 26, 2026, 8:45 am

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ ভাঙচুর, লুটপাট ও পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক বিপুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই হামলা চালানো হয়। মুখোশ পরিহিত দুই শতাধিক সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। আক্রমণকারীরা প্রথমে সেখানে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে।

এরপর হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে জায়গাটি দখলের পাঁয়তারা করছিল স্থানীয় বিএনপির দুটি পক্ষ। বৃহস্পতিবার রাতে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে একটি পক্ষ জায়গাটি দখলে নেয়। এ ঘটনার পর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin