শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

Published: September 25, 2026, 12:43 pm

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার শিকার পালকী পরিবহনের বাসটি খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায়। এ অবস্থায় চালক বাসটিকে সড়কের পাশে থামিয়ে রাখেন। কিছুক্ষণ পর বরিশাল থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে পালকী পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঢাকা-মুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান নিশ্চিত করেছেন যে, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin