ফরিদপুরে এনসিপি নেতার কারখানায় অভিযান, বিপুল ভেজাল ওষুধ জব্দ

Published: September 25, 2026, 5:25 am

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মালিকানাধীন অবৈধ ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত গোয়ালচামট ১ নম্বর সড়কের ‘জনতা আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ’ নামের ওই প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ, ক্ষতিকর কেমিক্যাল এবং অননুমোদিত শিশু খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে কারখানার জিল্লুর রহমান নামের এক কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ভেজাল পণ্য সংরক্ষণের অপরাধে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কারখানাটির অবৈধ যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ভবনের মালিককে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনের হিসাব অনুযায়ী, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। কারখানাটিতে কোনো বৈজ্ঞানিক বা অনুমোদিত প্রক্রিয়া ছাড়াই ক্ষতিকর ওষুধ ও কেমিক্যাল তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। জব্দ করা মালামাল বাজেয়াপ্ত করে তা ধ্বংস করার প্রক্রিয়া চলছে। এছাড়া কারখানার রসিদ ও চালান পর্যালোচনা করে এসব ভেজাল পণ্য দেশের আর কোথায় কোথায় সরবরাহ করা হতো, তা শনাক্ত করে সেখানেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার একই এলাকার মোল্লাবাড়ি সড়কে এনসিপি নেতা বায়েজিদ হোসেন শাহেদের আরেকটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছিল জেলা প্রশাসন। সে সময় বায়েজিদকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার দেওয়া তথ্যের সূত্র ধরেই গোয়ালচামটের এই দ্বিতীয় কারখানাটির সন্ধান পায় প্রশাসন। বায়েজিদ হোসেন শাহেদ ফরিদপুর জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এদিকে অবৈধ ওষুধ কারখানার সঙ্গে জড়িত থাকার খবর প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে বায়েজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপির কেন্দ্রীয় কমিটি। দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin