কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল যে, বঙ্গোপসাগরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ওই সময় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছিল। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি সাপেক্ষে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে পেট্রোবাংলা আশ্বস্ত করেছিল।





