আসামে মুসলিম বিবাহ নিবন্ধনের ক্ষমতা পেলেন সরকারি রেজিস্ট্রারেরা

Published: September 25, 2026, 10:38 am

আসামে মুসলিম ধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। এতদিন মুসলিম বিবাহ নিবন্ধনের দায়িত্ব কাজিদের হাতে থাকলেও, এখন থেকে সেই দায়িত্ব পালন করবেন সরকারি রেজিস্ট্রারেরা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো মুসলিম বিবাহগুলোকে যথাযথভাবে সরকারি নথির আওতায় নিয়ে আসা। তিনি বলেন, 'আসাম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন (কম্পালসারি) রুলস্, ২০২৬ অনুমোদন করা হয়েছে যাতে গোটা রাজ্য জুড়ে বিবাহ নথিভুক্ত করার জন্য একটি অভিন্ন প্রক্রিয়া কার্যকর থাকে। এখন থেকে মুসলিম বিবাহগুলো সরকারি রেজিস্ট্রারের মাধ্যমেই নিবন্ধিত হবে।'

উল্লেখ্য যে, ১৯৩৫ সালের আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী মুসলিমদের জন্য বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক ছিল না। পরবর্তীতে ২০১০ সালে আইন সংশোধন করে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা হলেও নিবন্ধনের ক্ষমতা কাজিদের হাতেই ন্যস্ত ছিল। এরপর ২০২৪ সালে আসাম মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ বাধ্যতামূলক নথিভুক্তি আইন পাস করা হয়, যার মাধ্যমে কাজিদের এই ক্ষমতা লোপ করা হয়। তবে ২০২৪ সালের সেই আইনে স্পষ্ট করা হয়নি যে কাজিদের পরিবর্তে কার ওপর এই দায়িত্ব বর্তাবে। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নিয়মের অনুমোদনের মাধ্যমে সেই দায়িত্ব এখন সরকারি রেজিস্ট্রারের হাতে তুলে দেওয়া হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin