রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন। সাত দিনের রিমান্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আব্দুল্লাহ খালেদ সাকিব রিমান্ডের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি রাকিবুল হাসানের একটি অডিও কথোপকথন ভাইরাল হয়। ওই অডিওতে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানকে কথা বলতে শোনা যায়।
অডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ তার বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।





