মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেসি রোডের পাশের ঝোপের আড়াল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঝোপের আড়ালে লাশটি দেখতে পান। এরপর তারা বিষয়টি শ্রীনগর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে কালো প্যান্ট ও টি-শার্ট ছিল। মৃতদেহটির হাত ও পা পেছন দিকে মোড়ানো এবং রশি দিয়ে শক্ত করে বাধা ছিল।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি ৩-৪ দিন আগে সেখানে ফেলে রাখা হয়েছিল। নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহের লক্ষ্যে পিবিআই (PBI) টিমকে খবর দেওয়া হয়েছে।





