অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ মোট ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
বরখাস্ত হওয়া অন্য চার কর্মকর্তা হলেন সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক উপ কমিশনার রাজীব দাস, এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এদের সবাই দীর্ঘ সময় ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতিকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’ হিসেবে গণ্য করে সরকার তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
বরখাস্ত আদেশে বলা হয়েছে, মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ২৭ আগস্ট পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত হওয়ার পর ১৭ সেপ্টেম্বর যোগ দেন। এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি নিয়ে কর্মস্থলে আর ফিরে আসেননি। এটিইউর মোহাম্মদ ছানোয়ার হোসেন বরিশাল রেঞ্জে বদলি হওয়ার পর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অগোচরে অনুপস্থিত রয়েছেন। আরিফুর রহমান মণ্ডল বরিশাল রেঞ্জে যোগ দেওয়ার পর ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
অন্যদের মধ্যে রাজীব দাস ২০২৪ সালের ১২ অক্টোবর চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়ে ২০ দিনের ছুটি শেষে ২ নভেম্বর কর্মস্থলে যোগ দেননি। মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের ৪ নভেম্বর থেকে এবং পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ আগস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্ধারিত সময় পার হওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) ধারা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।





