এনআইডি জন্মতারিখ সংশোধনে মাঠ পর্যায়ে নতুন নিয়ম চালু করল ইসি

Published: September 21, 2026, 3:11 pm

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়া সহজ করতে মাঠ পর্যায়ে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নতুন নিয়ম অনুযায়ী, জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা আবেদনগুলো এখন মাঠ পর্যায়েই নিষ্পত্তি করা যাবে, তবে এক্ষেত্রে সনদগুলো অনলাইনে যাচাইযোগ্য হতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার মুহা. সরওয়ার হোসেন সংশ্লিষ্ট সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনার কথা জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জারি করা পরিপত্র অনুযায়ী অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো 'ক' ক্যাটাগরিভুক্ত হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা তা নিষ্পত্তি করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনার নির্দেশ দিয়েছে কমিশন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের কাজের ওপর নজরদারি করবেন। প্রতিটি নিষ্পত্তি কর্মকর্তার কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি মাসে দ্বৈবচয়নের ভিত্তিতে ন্যূনতম তিনটি আবেদনের নিষ্পত্তি সঠিক হয়েছে কি না, তা যাচাই করে একটি প্রতিবেদন পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল একাউন্টে পাঠাতে হবে।

প্রতিবেদনের সময়সীমা সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, গত ১৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন ২১ সেপ্টেম্বর সোমবারের মধ্যে জমা দিতে হবে। এরপর থেকে প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিয়মিতভাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin