হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১,২২১ জন

Published: September 21, 2026, 11:25 am

সারা দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন বলে জানিয়েছে অধিদপ্তর।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মোট ৯৬২ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন। এই দীর্ঘ সময়ে মোট সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন। এর মধ্যে মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ লাখ ৫২ হাজার ২২৫ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh