জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, জারি জরুরি সতর্কতা

Published: September 21, 2026, 9:33 am

জাপানের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। এই ঝড়ের প্রভাবে টোকিও মহানগরীসহ দেশটির পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বছরের ২৫তম টাইফুন দুজুয়ানের কারণে ইতিমধ্যে বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বেশ কিছু নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছ দিয়ে অতিক্রম করার সময় পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ইজু দ্বীপপুঞ্জ, চিবা এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু এলাকায় শনিবার থেকেই ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের ফলে ওশিমা শহরে ভূমিধসের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া টোকিওর মেগুরো এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কায় চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানকার প্রবীণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু এলাকায় সর্বোচ্চ পাঁচ মাত্রার সতর্কতাও বলবৎ রয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাধারণ জনগণকে স্থানীয় কর্তৃপক্ষের সরিয়ে নেওয়ার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। টাইফুনের প্রভাবে সোমবারই অন্তত ২৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে। টোকিও ও এর আশেপাশের রেলপথে সেবা বিঘ্নিত হয়েছে এবং টোকাইডো শিনকানসেনেও বিলম্ব বা বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে। ঝড়ের কারণে টোকিও গেম শো'র শেষ দিনের আয়োজন এবং চিবা শহরে রক ইন জাপান সংগীত উৎসবের সোমবারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়া আইচি-নাগোয়া এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতাও এক দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।

আবহাওয়া সংস্থার প্রধান পূর্বাভাস কর্মকর্তা তাকুয়া হোসোমি সতর্ক করে বলেছেন, ভূমিধসপ্রবণ এলাকায় দুর্যোগ ঘটার আশঙ্কা রয়েছে এবং মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। সংস্থার মতে, কান্তো-কোশিন ও টোকাই অঞ্চলে 'লিনিয়ার রেইন ব্যান্ড' তৈরি হলে দীর্ঘ সময় ধরে অতিভারী বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাত সেপ্টেম্বর মাসের গড় মাসিক বৃষ্টিপাতকেও ছাড়িয়ে রেকর্ড তৈরি করতে পারে। দুর্যোগ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy