সাভারে গভীর রাতে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

Published: September 21, 2026, 8:05 am

সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে পার্কিং করে রাখা 'সাভার পরিবহনের' একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে ঘটা এই ঘটনায় বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। আগুনে বাসটির সিটের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এছাড়া এই অগ্নিসংযোগের পেছনে কোনো বিশেষ কারণ বা অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy