বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে ৩৭ জন সেবাপ্রার্থী নিজেদের নানা দুর্ভোগ ও আবেদনের কথা তুলে ধরেছেন। এর মধ্যে ২৫ জনকে তাৎক্ষণিকভাবে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাকি ১২ জনের সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। শুনানিতে উপস্থিত হয়ে সেবাপ্রার্থীরা চিকিৎসা ব্যয় বহন, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি, সন্তানদের পড়াশোনার খরচ ও চরম আর্থিক অনটনসহ নানা মানবিক সমস্যার কথা তুলে ধরেন। সেবাপ্রার্থীদের আবেদন শুনে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানেরও উদ্যোগ নেওয়া হয়।
এ দিন কয়েকজন অসহায় নারীকে স্থায়ীভাবে আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেন জেলা প্রশাসক। একই সঙ্গে নারীদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদেরকে এতে অংশ নিতে উৎসাহিত করার জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে নির্দেশ দেওয়া হয়।
গণশুনানিতে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। সরকারি সহায়তা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়ে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য প্রতিটি আবেদন সঠিকভাবে যাচাই-বাছাই করা হবে। তিনি আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য দিলে দ্রুত ও যথাযথ সেবা নিশ্চিত করা সহজ হয়। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।
গণশুনানি কার্যক্রম পরিচালনাকালে জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাধারণ মানুষের দুর্ভোগ কমানো ও সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়ে থাকে।





