লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে জমিজমা নিয়ে সন্তানদের চরম বিরোধের জেরে এক বৃদ্ধের লাশ দীর্ঘ সময় ফ্রিজিং ভ্যানে ফেলে রাখার অভিযোগ উঠেছে। দাফন সম্পন্ন না করেই সংঘাত, হামলা ও ভাঙচুরের ঘটনার পর মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ৮১ বছর বয়সী মফিজ উল্যার দাফন সম্পন্ন করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চাঁদখালী গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে মফিজ উল্যা মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) মারা যান। মফিজ উল্যার মোট পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। জমিজমা নিয়ে সন্তানদের মধ্যে আগে থেকেই বিরোধ ও মামলা চলমান থাকায় তিনি প্রবাসী মনিরের বাড়িতেই থাকতেন। তবে তার মৃত্যুর পর মরদেহ বাড়িতে থাকা অবস্থাতেই সেই জমি নিয়ে নতুন করে পারিবারিক সহিংসতা শুরু হয়।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মফিজের অপর দুই ছেলে মিলন ও ফারুক এবং দুই মেয়ে রোজিনা ও নাসিমা সংগঠিত হয়ে মনিরের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বাড়ি থেকে জমিজমার মূল দলিল-দস্তাবেজ ছিনিয়ে নেন এবং ব্যাপক ভাঙচুর ও মারামারিতে লিপ্ত হন। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। ঘটনার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন এবং সিসিটিভি ফুটেজে তাকে প্রহারের চিত্র দেখা গেছে।
এক দিন ফ্রিজিং ভ্যানে পড়ে থাকার পর বুধবার দুপুরে স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় প্রবাসী মনিরের বাড়ির কবরস্থানে মৃত বৃদ্ধের দাফন সম্পন্ন হয়। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত মিলন ও ফারুক দাবি করেন, দলিলপত্র হারানোর ভয়ে তারা কেবল তা উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের পৌঁছানোর আগেই অন্য কে বা কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
এই বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, তারা ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় দাপ্তরিকভাবে লিখিত কোনো অভিযোগ জমা দেয়নি।





