বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক প্রস্তাব

Published: November 25, 2026, 2:09 pm

বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি করা এবং আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য সরবরাহের অভিযোগে এসব দেশের বিরুদ্ধে এই শুল্কের প্রস্তাব আনা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) গত মঙ্গলবার আট মাসের দীর্ঘ তদন্ত শেষে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে শুল্ক আরোপের এই প্রস্তাব ঘোষণা করে। বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় ১৬টি বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে এই তদন্ত চালানো হয়। প্রাথমিকভাবে তদন্তের তালিকায় জাপান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা থাকলেও আপাতত ১৪টি দেশের পণ্যে শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। শুল্কের প্রস্তাবিত তালিকায় শীর্ষে রয়েছে চীন। ওয়াশিংটনের দাবি, বিশ্ববাজারে সস্তা পণ্য সরবরাহ করে বাজার সয়লাব করার পেছনে মূল ভূমিকা বেইজিংয়ের।

নতুন এই শুল্ক প্রস্তাবে যে ১৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো—বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ১৬ দেশের তালিকায় থাকা মেক্সিকো ও নরওয়ের পণ্যে আপাতত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়নি। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই দুই দেশের বিষয়টি এখনো পর্যালোচনার অধীনে রয়েছে।

মার্কিন প্রশাসনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত বাণিজ্য অংশীদাররা বিভিন্ন নীতি ও পদক্ষেপের মাধ্যমে উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা গড়ে তুলছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এসব নীতি অযৌক্তিক এবং এর ফলে মার্কিন বাণিজ্য বাধার মুখে পড়ছে। ইউএসটিআরের সংজ্ঞা অনুযায়ী, স্বাভাবিক বাজারনীতি ও প্রকৃত চাহিদার বাইরে গিয়ে সরকারি ভর্তুকি, শিল্পনীতিতে সহায়তা এবং অ-বাজারভিত্তিক অর্থনীতির উপাদান ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ালে তাকে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা বলা হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি সহায়তা ও কৌশলী নীতির কারণে উৎপাদনকারী দেশগুলো কম খরচে পণ্য রপ্তানির সুবিধা পায়। এতে বিশ্ববাজারে বাণিজ্যিক ভারসাম্যে ব্যাঘাত ঘটে এবং মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ে।

তবে এই প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। মার্কিন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী জানুয়ারির আগে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সর্বসাধারণের মতামত গ্রহণ এবং শুনানির আয়োজন করা হবে। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশভিত্তিক নির্দিষ্ট শুল্কের হার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

অন্যদিকে মেক্সিকো ও নরওয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নাগাদ আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি। গত মঙ্গলবার রাতে মার্কিন কর্মকর্তা সংস্থাটি কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে এই পরিবর্তন সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি যেসব দেশ নতুন শুল্কের আওতাভুক্ত হতে যাচ্ছে, তাদেরও আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin