জাতীয় সংসদের হুইপ ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সোনামসজিদ, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট ও বাংলাবান্ধাসহ দেশের বিভিন্ন সীমান্তে ফাঁসির আদেশ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ লাখ লাখ মানুষ তাকে রিসিভ করতে অপেক্ষা করবে। তিনি উল্লেখ করেন, যার নির্দেশে ১ হাজার ৮০০ ছাত্র, শ্রমিক, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, দেশের মাটিতে তার বিচার হতেই হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। গত ১৫ বছরে নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুসহ তাঁর ১০ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করার অভিযোগ তুলে বিএনপি নেতা দুলু বলেন, ২০০৮ সালের নির্বাচনে তাঁকে আটকে রাখা হয়েছিল এবং তার স্ত্রীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও কোনো শর্ত মেনে তিনি ক্ষমতা নিতে রাজি হননি।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাতীয় সংসদের এই হুইপ দাবি করেন, দীর্ঘ ২০-২২ বছর পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়াই অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হলো।
বিগত সরকারের সময়কালে লুটপাট ও অর্থ পাচারের কথা তুলে ধরে দুলু আরও বলেন, আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি। এসব ব্যবসা থেকে পাওয়া আয় ও ভাড়ার টাকা প্রতি মাসে ভারতে চলে যাচ্ছে এবং তা দিয়েই দেশে ককটেল-বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুলু বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন এবং ঢাকার যানজটসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই কাজকে বাধাগ্রস্ত করতেই নতুন করে নানা ষড়যন্ত চালানো হচ্ছে। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ ও ষড়যন্তের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এছাহাক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য খোন্দকার আকবর হোসেন, আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য নাছিমা ইসলাম চৌধুরী এবং ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম বক্তব্য দেন।





