নতুন মজুরি ১৭ হাজার টাকা: গাজীপুরের শ্রমিকদের মিশ্র প্রতিক্রিয়া, ১০ কারখানায় ছুটি

Published: November 25, 2026, 3:22 am

দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিম্নতম মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেয়। এই নতুন মজুরি কাঠামো নিয়ে বুধবার সকালে গাজীপুরের শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকদের মধ্যে দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। একদল শ্রমিক নতুন কাঠামো মেনে নিয়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দিলেও অসন্তোষের মুখে একাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্তকে স্বাগত জানানো শ্রমিকেরা নতুন উদ্যোমে কারখানায় স্বাভাবিক উৎপাদন শুরু করেছেন। মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তারা জানান, আন্দোলনের পথ এড়িয়ে নিরাপদ কর্মপরিবেশে কাজ চালিয়ে যেতে চান তারা। এদিকে কারখানার কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, মালিকপক্ষের নির্দেশে ইতোমধ্যে নতুন মজুরি কাঠামোর নোটিশ টানানো হয়েছে এবং আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন কাঠামো বাস্তবায়ন করা হবে।

তবে গাজীপুর নগরীর নাওজোর ও ইটাহাটা এলাকাসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা ১৭ হাজার টাকার এই নতুন মজুরি মেনে নিতে পারছেন না। পাশাপাশি মালিকপক্ষের কাছ থেকেও তারা এখনো কোনো স্পষ্ট বার্তা পাননি বলে অভিযোগ করেন। এর ফলে ওই সব এলাকার শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার অন্তত ১০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পোশাক শিল্পাঞ্চলের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের গোলযোগ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, এসআরবি ও পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। পাশাপাশি মাঠে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin