কক্সবাজারে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Published: November 25, 2026, 2:35 am

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অটোরিকশার চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার অপর দুই যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), একই এলাকার নলবনিয়া গ্রামের সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়েছিল, যা স্বাভাবিক করার জন্য পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy