আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভারতীয় মিডিয়ার বরাতে ‘শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদের প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পলাতক আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আরেকটি পলাতক গোষ্ঠীর বৈঠক করার কোনো নজির নেই। ভারত দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে তিনি দাবি করেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। গণহত্যার দায়ে তাকে বিচারের মুখোমুখি করে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তবে ভারত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দেশের পরিস্থিতি নিয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বিশেষ করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা রয়েছে। অতীতের মতো এই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানান।





