বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব বজায় রেখে একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় দেশটির সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার এই আগ্রহের কথা জানিয়েছে। শনিবার (২১ নভেম্বর) বার্তাটি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রচার করেছে।
সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু হওয়া এই বার্তায় ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর ক্রমবর্ধমান যোগাযোগ ও যৌথ কার্যক্রমগুলোর চিত্র তুলে ধরা হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং যৌথ ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে দু দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।
বার্তাটিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালজুড়ে পরিচালিত এসব গুরুত্বপূর্ণ কার্যক্রম দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ককে আগের চেয়ে জোরদার করেছে, পারস্পরিক বোঝাপড়া বাড়িয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। এ প্রসঙ্গে মার্কিন প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।’
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে স্পষ্ট করা হয়। মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড তাদের এই বিশেষ বার্তাটি শেষ করেছে ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’— এই মূলমন্ত্র ব্যক্ত করে।





