বেড়ায় বিএনপি নেতা বহিষ্কার, নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

Published: November 23, 2026, 4:55 am

পাবনার বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদনক্রমে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মঈন উদ্দীন খাজার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই বহিষ্কারাদেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মঈন উদ্দীন খাজার অনুসারীদের দাবি, ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। তারা এই বহিষ্কারাদেশকে অন্যায় দাবি করে দ্রুত তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং দাবি না মানলে আন্দোলনের হুমকি দিয়েছেন।

বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা জানান, তিনি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী এবং আজীবন বিএনপি করে যাবেন। তিনি দাবি করেন, ২১ নভেম্বর পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব প্রশাসনকে নিয়ে বেড়া উপজেলায় আসেন। তার আগে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করার কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জানিয়েছেন, বহিষ্কারের কারণ বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে, নতুন করে বলার কিছু নেই।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে এবং পুলিশ এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin