এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায়

Published: November 23, 2026, 2:55 am

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি আবেদন জানানোর সময় পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে সরাসরি এসএমএসের মাধ্যমে ফলের তথ্য জানিয়ে দেওয়া হবে।

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। শিক্ষার্থীদের সেই আবেদনের ভিত্তিতে বোর্ডগুলো টানা ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণের কাজ সম্পন্ন করেছে।

এর আগে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

প্রসংগত, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নেওয়া মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১ নভেম্বর থেকে অকৃতকার্য ও ফল নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। মূল ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে পাসে ব্যর্থ হয়েছিলেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh