গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটর কর্মীকে গুলি করে প্রায় আড়াই কোটি টাকা লুটের চাঞ্চল্যকর মামলায় নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় ডিবির ইন্সপেক্টর হাসমত উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ডের চন্না পাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে তার সহযোগী রবিন আহম্মেদকে (২২) আটক করা হয়। গ্রেপ্তারের সময় রবিন আহম্মেদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতিসহ মোট সাতটি মামলা রয়েছে। অন্যদিকে, রবিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা বিচারাধীন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় বিকাশের ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) বহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে গুলি করে প্রায় আড়াই কোটি টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর ওই রাতেই শ্রীপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছিল।





