বাসার কাছেই চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম

Published: September 20, 2026, 6:30 am

কুমিল্লার গন্ধমতি এলাকায় নিজ বাসভবনের কাছেই চিরনিদ্রায় শায়িত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে অপ্রতিমের দুটি জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার প্রথম জানাজা এবং পরে বেলা ১১টায় তার বাসা সংলগ্ন গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। ছেলের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ছেলের সন্ধান চেয়ে আকুল আবেদন জানিয়েছিলেন তার মা ড. নাহিদা বেগম。

অপ্রতিম ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তারা কোটবাড়ি-গন্ধমতী এলাকায় সপরিবারে বসবাস করতেন। পরে গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তুহিন নামে একজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin