তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা একটি নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আগামী সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের নিজস্ব সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করবেন।
বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় সভার আলোচ্যসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, পোশাকশিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তাবিত মজুরি হারের লিখিত প্রস্তাবনা সভায় উপস্থাপন করবেন। দ্বিতীয়ত, শিল্প খাতের সব গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি হার নিয়ে বিশদ আলোচনা করা হবে।
এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পরবর্তী বৈঠকে তাদের নিজ নিজ প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে একমত হন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আলোচনা আরও আনুষ্ঠানিক ও কার্যকর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের সুপারিশের ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর রয়েছে। মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়া এবং তা পর্যালোচনার পর বোর্ড নতুন মজুরি কাঠামো নির্ধারণের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।





