বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলনের ওপর ভিত্তি করে একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন। ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
প্রধান আলোচকের বক্তব্যে সাংবাদিক আকবর হোসেন বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক। তিনি পেশাদারিত্ব ও সততাকে একজন সাংবাদিকের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় থাকলে ব্যক্তিগত মতাদর্শ থাকা সত্ত্বেও সবার প্রতি ন্যায়বিচার করা সম্ভব। তিনি আরও যোগ করেন, পেশাদারিত্বের মাধ্যমেই সাংবাদিকরা স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন এবং প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সত্য ঘটনা উদঘাটনে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববিসাসের সাধারণ সম্পাদক ও আমার দেশের বরিশাল প্রতিনিধি মাসুদ রানা। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং বরিশাল শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিদের বক্তব্যের পর তাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং সবশেষে ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





