তথ্য জানার অধিকার সব নাগরিকের: তথ্য কমিশনার মাহফুজুর রহমান

Published: November 6, 2026, 5:32 pm

দেশের সব নাগরিকেরই তথ্য জানার পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য কমিশনের তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান। শুক্রবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী কেবল সাংবাদিকরাই নন, বরং যেকোনো শ্রেণি ও পেশার নাগরিক নির্ধারিত ফরমে আবেদন করার মাধ্যমে সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অধিকার রাখেন। তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করার সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, বাংলাদেশ তথ্য কমিশনের উপপরিচালক সালা উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং সাংবাদিক নাছির উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম এবং মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy