রাজধানীর শেরেবাংলা নগর থানার উল্টো দিকে সারিবদ্ধ টিনের ঘরগুলোর সামনে মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে রান্না করতে দেখা গেল তামান্না নামের এক নারীকে। ৩২ বছর বয়সী এই গৃহিণী জানান, এলপিজি গ্যাসের দাম এত বেশি যে তা কিনে সংসার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। কেবল তামান্নাই নন, রাজধানীর অনেক নিম্ন আয়ের মানুষই এখন বাধ্য হয়ে লাকড়ি, চেলা কাঠ বা কাগজ পুড়িয়ে রান্নার কাজ সারছেন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে এর দাম ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে। অথচ গত মার্চ মাসেও ১২ কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা, যা বাজারে দেড় হাজার টাকার কাছাকাছি পাওয়া যেত। গত সাড়ে পাঁচ বছরে এই গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।
তামান্নার স্বামী মনির হোসেন জানালেন, তাদের ছোট সংসার আর দোকান চালানোর খরচ মেটানোই এখন কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, নিত্যপণ্যের দামের তুলনায় আয় কমে গেছে। যারা গ্যাস কিনতে পারছে না, তারা বাধ্য হয়েই লাকড়িতে রান্না করছে। তামান্নার মতে, লাকড়ির চুলা ব্যবহার করাও এখন বেশ ব্যয়বহুল। বর্তমানে প্রতি কেজি লাকড়ি ১৫ টাকা এবং প্রতি মণ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
আগারগাঁওয়ের বস্তির বাসিন্দা ৫০ বছর বয়সী রহিমাও একই সংকটে পড়েছেন। অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে না পারা এই নারী জানান, আড়াই হাজার টাকা দিয়ে একটি সিলিন্ডার কেনা তার জন্য বিলাসিতা। তিতাস গ্যাসের সংযোগ থাকলে মাসে ১ হাজার ৮০ টাকা বিল আসত, কিন্তু পাঁচজনের একটি পরিবারে নিয়মিত রান্নায় দুই সিলিন্ডার গ্যাস প্রয়োজন হয়, যার খরচ প্রায় পাঁচ হাজার টাকা। রহিমা বলেন, লাকড়ির চুলায় রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয় এবং ঘরে ও কাপড়ে কালি লেগে যায়, তবুও সাশ্রয়ের জন্য এই কষ্ট মেনে নিতে হচ্ছে। ভোলা থেকে আসা রহিমার স্বামী মারা গেছেন সাত মাস আগে, এখন তার সন্তানরা অটোরিকশা চালিয়ে ও পোশাক কারখানায় কাজ করে কোনোমতে টিকে আছেন।
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়াতেও একই চিত্র দেখা যায়। হকারি বা মানুষের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করা বাসিন্দারা জানিয়েছেন, এক মাসের আয়ের প্রায় সমান অর্থ একটি সিলিন্ডারের পেছনে ব্যয় করা তাদের পক্ষে অসম্ভব। একদিকে গ্যাসের উচ্চমূল্য, অন্যদিকে লাকড়ির ক্রমবর্ধমান চাহিদার কারণে এর দামও বেড়েছে। আগারগাঁওয়ের লাকড়ি বিক্রেতা হাফিজুর (৩৫) প্রথম আলোকে বলেন, গ্যাসের দাম বাড়ার আগে দিনে এক থেকে দেড় মণ লাকড়ি বিক্রি করতেন তিনি। বর্তমানে মানভেদে লাকড়ি ৪০০-৬০০ টাকা দরে বিক্রি হয়।
তিনি বলেন, ‘গরিব সারা জীবন গরিবই থাকব।’.৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি.আগারগাঁওয়ের বস্তির আরেক বাসিন্দা রহিমা (৫০)।
বিক্রেতারা বলছেন, মানভেদে লাকড়ির দাম বেড়েছে প্রতি মণে ৫০ থেকে ১০০ টাকা।





