পদ্মা সেতু টোলপ্লাজায় অবরোধ ও ককটেল বিস্ফোরণ, ব্যাহত যান চলাচল

Published: November 10, 2026, 3:01 am

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে 'Danib Bin Iqbal'-এর ফেসবুক আইডি সহ বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে।

অবরোধ চলাকালে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে, নেতাকর্মীদের অবস্থানের খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সদস্যরা থানার প্রধান গেটে তালা মেরে ভেতরে অবস্থান নেন। এ ঘটনায় থানার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ফোন রিসিভ করেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin