বাবার মৃত্যুর পর আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, পাশে ভোলাবাসী

Published: November 9, 2026, 11:15 am

বাবার মৃত্যুর পর ছেলে হাসনাইন আহমেদ নয়নের একা শুরু করা নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ স্থাপনের আন্দোলন এখন ভোলাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে টানা ১৬ দিন ধরে চলছে এই মানববন্ধন। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে যোগ দিচ্ছেন। বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় জরুরি চিকিৎসায় আইসিইউ সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই দাবি উঠলেও তা বাস্তবায়ন না হওয়ায় আইসিইউ সাপোর্টের অভাবে প্রায়ই রোগীর মৃত্যু ঘটছে।

গত ২৩ অক্টোবর ভোলা ওয়েস্টার্নপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান আইসিইউ সাপোর্টের অভাবে সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাবার দাফনের পরপরই প্রতিবাদস্বরূপ ফেস্টুন হাতে হাসপাতালের সামনে একাই মানববন্ধনে দাঁড়িয়ে যান তার ছেলে নয়ন। তিনি ঘোষণা দেন, হাসপাতালে আইসিইউ স্থাপন না হওয়া পর্যন্ত তিনি এই কর্মসূচি চালিয়ে যাবেন।

নয়নের এই ব্যতিক্রমী প্রতিবাদের ১৬তম দিনেও হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী। এছাড়া মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী আঞ্জুম ও মাসুমা খানমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

এই দাবির বিষয়ে ভোলা জেলা প্রশাসক শামীম রহমান বলেন, তিনি এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষের চিকিৎসায় আইসিইউর পাশাপাশি সিসিইউ স্থাপনও জরুরি। এ বিষয়ে সরকারের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। ভোলার সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম জানান, ভোলার মানুষের আইসিইউ ও সিসিইউর দাবি অত্যন্ত যৌক্তিক। পূর্ণাঙ্গ জনবল ও সরঞ্জামসহ এটি দ্রুত স্থাপন করা জরুরি এবং একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনেও নজর দেওয়া প্রয়োজন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh