ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে তার জন্য একটি ‘বড় রাজনৈতিক ভুল’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই পদক্ষেপের ফলে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বা প্রত্যর্পণের আইনি ও রাজনৈতিক পথ আরো সহজ হয়ে গেল।
আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার অর্থ হলো তিনি মনে করছেন দেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি রয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। দণ্ডিত অপরাধী হিসেবে তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত ব্যক্তি নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না, তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। আর এর জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে সরাসরি হস্তান্তর করতে পারে।
তিনি আরো বিশ্লেষণ করে জানান, পাসপোর্ট চেয়ে নিজের প্রত্যর্পণের পথ শেখ হাসিনা নিজেই সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ সরকারের পক্ষে জোর দিয়ে বলার সুযোগ তৈরি হয়েছে যে, দেশে ন্যায়বিচার পাওয়ার পরিবেশ আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই ‘বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’—এমন অজুহাতে তাকে ফেরত না দেওয়ার কোনো যুক্তি আর গ্রহণযোগ্য হতে পারে না। ফলে ভারতের ওপর প্রত্যর্পণের বিষয়ে এখন আরো দৃঢ়ভাবে চাপ দেওয়ার পথ প্রশস্ত হলো।
ফেসবুক পোস্টের শেষভাগে সাবেক এই উপদেষ্টা সরাসরি শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’





