সংবাদপত্র কিংবা ঐতিহ্যবাহী সংবাদপ্রতিষ্ঠানের সঙ্গে তরুণ প্রজন্মের সরাসরি যোগাযোগের দূরত্ব দিন দিন বাড়ছে। প্রিন্ট মিডিয়া বা ছাপা কাগজের সঙ্গে তাদের সম্পর্ক প্রায় নেই বললেই চলে। বর্তমানে তরুণেরা খবরের পেছনে না ছুটে বরং ডিজিটাল মাধ্যমে দুর্ঘটনাবশত বা আকস্মিকভাবে খবরের মুখোমুখি হচ্ছেন। ওয়েবে অনুসন্ধানের সময়, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার ফাঁকে, হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে, গেম খেলার মাঝে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে আলোচনার বিভিন্ন পর্যায়ে সংবাদের সঙ্গে তাদের দেখা হয়ে যাচ্ছে। পাঠক ও নিউজরুমের মাঝামাঝি স্থানে এখন অবস্থান নিয়েছে ফেসবুক, টিকটক, ইউটিউব, গুগল ও এআই চ্যাটবট। মূল ধারার সংবাদ সরাসরি পড়ার চেয়ে পরিচিত কোনো ইউটিউবারের ব্যাখ্যা শোনার প্রবণতা অনেক তরুণের মধ্যেই বাড়ছে।
রয়টার্স ইনস্টিটিউটের ডিজিটাল নিউজ রিপোর্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫২ শতাংশের প্রধান খবর-উৎস এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম কিংবা এআই চ্যাটবট। সংবাদ প্রতিষ্ঠানে কাজ না করা স্বতন্ত্র কনটেন্ট ক্রিয়েটরদের প্রভাবও ক্রমাগত শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে সংবাদ এখন পড়ার বিষয়ের চেয়ে দেখার ও শোনার বিষয়ে পরিণত হয়েছে। বেতারে একসময় খবর শোনা হলেও এখন সেই জায়গা অনেকটাই দখল করেছে পডকাস্ট। পডকাস্টাররা শুধু সংবাদ পরিবেশন করেন না, ঘটনার ব্যাখ্যা ও মূল্যায়ন করেন এবং নিজস্ব মতামত দেন। এসব উপস্থাপনায় বস্তুনিষ্ঠতার পাশাপাশি অনেক সময় আবেগ বা উসকানি থাকলেও তথ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া ও মতামত প্রকাশের সুযোগ থাকায় তরুণেরা এতে আকৃষ্ট হন।
প্রযুক্তির এই প্রসারের পাশাপাশি গণমাধ্যমের প্রতি জন-আস্থা হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে ‘ফিফথ এস্টেট’ বা পঞ্চম শক্তির ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গবেষক উইলিয়াম ডাটনের মতে, ইন্টারনেট-সংযুক্ত নাগরিকেরা প্রচলিত ক্ষমতাকাঠামো ও গণমাধ্যমের ওপর নজরদারি চালাতে পারেন। ব্লগ থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব ও টিকটকের মাধ্যমে সাধারণ মানুষ তথ্য তৈরি, প্রচার ও সামাজিক-রাজনৈতিক আন্দোলন সংগঠিত করছে। তবে এটি সবসময় নিরপেক্ষ তথ্য দেয় না; অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক উসকানি, মব-সহিংসতার আহ্বান বা রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা নেওয়ার প্রবণতাও এখানে দেখা যায়। কোনো ব্যক্তিনির্ভর পডকাস্টের প্রভাব কখনো কখনো প্রতিষ্ঠিত গণমাধ্যমকে ছাড়িয়ে যায়।
বর্তমান তথ্য-বাস্তবতায় নিউজরুম ও পাঠকের মাঝে বৈশ্বিক প্ল্যাটফর্মগুলো অ্যালগরিদম ও নিজস্ব নীতি নিয়ে দাঁড়িয়ে আছে। গণমাধ্যমকে সংবাদের উপাদান সংগ্রহ এবং তা বিলানোর জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে খবরের বস্তুনিষ্ঠ মূল্যের চেয়ে ‘ভাইরালিটি’ বা বেশি দৃশ্যমানতা সংবাদ নির্বাচনের বড় মাপকাঠি হয়ে উঠছে। এর ওপর এআই এসে নতুন মাত্রা যুক্ত করেছে। যেমন গুগলের এআই ওভারভিউ কিংবা এআই চ্যাটবটগুলো একাধিক উৎস থেকে তথ্য এনে ব্যবহারকারীকে সরাসরি জবাব বা সারাংশ তৈরি করে দিচ্ছে। এতে অনুসন্ধানের পর মূল ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন কমে যাচ্ছে। রয়টার্স ইনস্টিটিউটের ২০২৬ সালের সমীক্ষায় দেখা গেছে, সংবাদ জানতে ১০ শতাংশ উত্তরদাতা এআই চ্যাটবট ব্যবহার করেন, আর ৩৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই হার ১৬ শতাংশ।
বর্তমানে তরুণদের তথ্য গ্রহণের মূলত চারটি ধরন পরিলক্ষিত হয়। প্রথমটি আকস্মিক, যেখানে অ্যালগরিদম ব্যবহারকারীর আগের আচরণ বিশ্লেষণ করে টিকটক বা ইনস্টাগ্রাম রিলে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও এনে দেয়। দ্বিতীয়টি ব্যক্তিনির্ভর, যেখানে ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারের ব্যাখ্যা ও বিনোদনমূলক পরিবেশনা অনুযায়ী ব্যবহারকারী ঘটনাকে মূল্যায়ন করেন। তৃতীয়টি আলাপচারিতামূলক, যেখানে এআই চ্যাটবটকে প্রশ্ন ও পাল্টা প্রশ্ন করে কথোপকথনের মাধ্যমে তথ্য পাওয়া যায়। চতুর্থটি ব্যক্তিগত বা গোষ্ঠীগত, যেখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ডিসকর্ড বা টেলিগ্রামের মতো বন্ধ প্ল্যাটফর্মে দলীয়ভাবে তথ্যের আদান-প্রদান ও ব্যাখ্যা চলে।
এসব পরিবর্তনের কারণে সাংবাদিকতার সামনে দুটি প্রধান চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রথমত, সাংবাদিকেরা এখন আর তথ্যের একমাত্র বা প্রাথমিক জোগানদাতা নন; প্রত্যক্ষদর্শী বা কনটেন্ট ক্রিয়েটররা অনেক ঘটনার বিবরণ আগে হাজির করেন। ফলে সাংবাদিকতার কাজ এখন শুধু তথ্য সংগ্রহ নয়, তার সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করা। দ্বিতীয়ত, গণমাধ্যম জগৎ মনোযোগ আকর্ষণের প্রতিযোগিতা বা ‘অ্যাটেনশন ইকোনমি’ থেকে এআই চালিত ‘ইকোনমি অব অ্যানসার’-এর দিকে ধাবিত হচ্ছে, যেখানে ব্যবহারকারীর প্রশ্নের দ্রুত ও সহজ উত্তর দেওয়াই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
এই বাস্তবতায় এআইয়ের ভুল তথ্য বা বিভ্রান্তির বিপরীতে সাংবাদিকতার টিকে থাকার প্রধান মাধ্যম হলো নির্ভুলতা ও মৌলিক প্রমাণ। ক্লিকবেইট বা গতির প্রতিযোগিতায় না নেমে মাঠের অভিজ্ঞতা, প্রত্যক্ষ অনুসন্ধান, যাচাইযোগ্য তথ্য এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতার আসল শক্তি। একই সঙ্গে দার্শনিক মিরান্ডা ফ্রিকারের ‘এপিস্টেমিক ইনজাস্টিস’ বা জ্ঞানসংক্রান্ত অবিচারের ধারণার আলোকেও সাংবাদিকতার নতুন দায়িত্ব তৈরি হয়েছে। অ্যালগরিদম ও প্ল্যাটফর্মের তৈরি করা অসম দৃশ্যমানতার বাইরে গিয়ে কার কথা শোনার সুযোগ তৈরি হওয়া উচিত এবং কোন সত্য ক্ষমতাবানেরা আড়াল করতে চায়, তা প্রকাশ্যে এনে তরুণদের সামনে উন্মুক্ত করাই হবে আগামী দিনের সাংবাদিকতার মূল লক্ষ্য।





