সারাদেশের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলি হওয়া বিচারকদের মধ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজ রয়েছেন। এই বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে বিভিন্ন জেলার চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বেশ কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তবে যেসব বিচারক বর্তমানে ছুটিতে বা প্রশিক্ষণে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগদানের বিষয়টি কার্যকর হবে।





