ইয়েমেনের শাবওয়া প্রদেশে অবস্থিত সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ চলাকালে নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই আকস্মিক হামলায় নিহতের পাশাপাশি আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন এবং ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।
রয়টার্সের যাচাই করা বিভিন্ন ভিডিও চিত্রে হামলার পরবর্তী ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে, যেখানে প্রশিক্ষণ শিবিরের মাটিতে আহত ব্যক্তিদের পাশাপাশি অনেকের রক্তাক্ত মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে। আল জাজিরার বরাতে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশটির চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল। চলতি মাসেই ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা পুনর্দখলের জন্য অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবে তারা বাব আল-মান্দেব প্রণালির কাছে বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, হুথিরা ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর সর্বশেষ বড় নগর ঘাঁটি তাইজ অবরোধ করে রেখেছে।





