রাজপথে থেকে ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

Published: November 10, 2026, 3:05 am

পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নস্যাৎ করতে ও যেকোনো ধরনের চক্রান্ত রুখতে দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরাজিত শক্তির সব চক্রান্তের জবাব রাজপথেই দিতে হবে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পূর্বে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদীয় সভায় এই সিদ্ধান্ত ও নির্দেশনা আসে। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভার একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দলীয় এমপিদের উদ্দেশে বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ সভায় উপস্থিত অপর এক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে পরাজিত শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত সম্পর্কে সতর্ক করে রাজপথে থেকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেন।

উক্ত সংসদীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক উন্নয়ন কাজ, বিদ্যুৎ ও জ্বালানি অবস্থা এবং আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে নিজ নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সভায় তুলে ধরেন। বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং সরকার প্রচলিত আইন, বিধি ও নিয়ম অনুসরণ করেই প্রয়োজনীয় পদক্ষপ নেবে।

এদিকে শেখ হাসিনার নতুন passport ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সংক্রান্ত খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে ‘চরম হাস্যকর’ বলে আখ্যা দেন। তিনি বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে নির্ধারিত আইনি প্রক্রিয়া রয়েছে; নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি আরো জানান, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ ভারত সরকারকে জানানো যেতে পারে, এবং দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে তাকে সাজা ভোগ করতে হবে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই তার প্রথম আবেদন। এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা, যা নিয়ে নানা আলোচনা চলছে। তবে বাংলাদেশ সরকার এখনো এই পাসপোর্ট আবেদনের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের বড় পরিকল্পনার কথা সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৯ই নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য প্রদান করেন। সে সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করছিলেন। প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করা হবে, যা বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করবে।

সংসদে প্রধানমন্ত্রী বিগত স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করে বলেন, ওই সময়ে দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল এবং দেশের নিজস্ব খনিজ সম্পদ ব্যবহার না করে বৈদেশিক আমদানির ওপর জোর দেওয়া হয়। এতে শিল্পের কাঙ্ক্ষিত বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তৎকালীন সরকার দেশের গ্রামীণ চিকিৎসাব্যবস্থা ধ্বংস করে মানুষকে একটি নির্দিষ্ট দেশে চিকিৎসার জন্য যেতে বাধ্য করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin